রাজশাহীর মোহনপুর উপজেলায় মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন বেগমের (৫৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। আর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবন ও এর অর্থ জোগাড় করাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আমিনুল হাসুয়া নিয়ে তার মা জান্নাতুন বেগমের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।
তিনি জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যা মামলা দায়েরের পর আমিনুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্ত শেষে জান্নাতুন বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


