বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ‘রাজনৈতিক সিস্টেম’ পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ‘গণতন্ত্রে একক দলের শাসনের “সিস্টেম” নেই, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা উচিত।’
শনিবার রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত একটি সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ‘যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে, তাদের উচিত জনগণের কাছ থেকে “ম্যান্ডেট” আনা। কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে ভবিষ্যত নির্ধারণ করা যাবে না, জনগণের “ম্যান্ডেট” প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যতটুকু একমত হয়েছে, সংসদে আলোচনা করে এগুলো চূড়ান্ত করা যেতে পারে। জনগণ ঠিক করবে কোনটা হবে এবং কোনটা হবে না।’
এই মুহূর্তে সংসদ কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘যেসব বিষয় নিয়ে একমত হয়েছি, তা নিয়ে আলোচনা করে এগোতে হবে।’ তিনি আরও বলেন, ‘সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হতে হবে এবং বিরোধীদের বিষয়ে সম্মান দেখাতে হবে।’
খসরু চৌধুরী দেশের রাজনীতির ভবিষ্যত রূপরেখা তৈরি করতে সকল রাজনৈতিক দলের সমঝোতার ওপর জোর দেন। তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় সংসদে সক্রিয় আলোচনা এবং সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। শুধুমাত্র দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থও আমাদের বিবেচনায় রাখতে হবে।’


