রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন ফুটপাত থেকে একদিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল পৌনে ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. লাভলু আহমেদ জানান, বিকালে খবর পেয়ে ঢাকা মেডিকেলের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি একটি কালো কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল। তার বয়স হবে আনুমানিক একদিন।
তিনি আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।


