রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।
গুলশান থানা সূত্রে জানা যায়, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি টিম ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায় যে, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে জালনোটের ব্যবসার সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


