রাঙ্গামাটিতে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার পর হরতাল স্থগিতের ঘোষণা করেছে কোটা বিরোধী ঐক্যজোট। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটি এ ঘোষণা দেয়।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার জানান, পরীক্ষার জন্য নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল, সম্ভাব্য পরিবহন অচলাবস্থা ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টের সঙ্গে আলোচনা করে পরীক্ষাটি ফের স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ।
তিনি আরও জানান, কয়েক দফা স্থগিত হওয়ার পর ২১ নভেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতিও নিয়েছিল জেলা পরিষদ। এ নিয়ে চতুর্থবারের মতো এ পরীক্ষা পেছানো হলো।
অনিবার্য কারণ বশতঃ পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি দুঃখ প্রকাশ প্রকাশ করেন পরিষদ চেয়ারম্যান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কোটাবিরোধী ঐক্যজোট, সচেতন নাগরিক ও সাধারণ শিক্ষার্থীরা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে। তারা শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে।
হরতালের প্রথম দিনে ভোর থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এছাড়া কিছু কিছু জায়গায় টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।


