চট্টগ্রামের রাউজান আবারও নাসির উদ্দিন প্রকাশ মধু নাসের নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশেরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নাসির কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাত ১০টার দিকে ইশানভট্টেরহাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
আহত নাসির উদ্দিনের শরীরে একাধিক গুলি লেগেছে বলে জানা গেছে। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাকে হাসপাতালে আনা হয়নি বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
পুলিশ জানিয়েছে, নাসিরের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আহত ব্যক্তির রাজনৈতিক পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।’
অন্যদিকে, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান দাবি করেন, নাসির যুবদলের সক্রিয় কর্মী। তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে।
তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে, গত শুক্রবার রাতে রাউজানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামে এক প্রবাসফেরত বিএনপি-সমর্থককে গুলি করে হত্যা করা হয়।


