রংপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোর চারটার দিকে দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের হেল্পার মীরগঞ্জের আরিফ (২০) এবং পিকআপ ভ্যানের যাত্রী পীরগাছার সাত দরগার শাহিনা বেগম (২৮) এবং তার এক বছর বয়সী ছেলে স্বাধীন নিহত হন।
তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাজান আলী জানান, দমদমা ব্রীজের উত্তরে মহাসড়কের ওপর মালবাহী পিকআপ ভ্যান মাহিগঞ্জ যাওয়ার পথে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ হেলপার নিহত হন।
পিকআপ ভ্যান চালক নিশাত মিয়াসহ আহত তিন জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পলাতক রয়েছে বলেও জানান তিনি।


