রংপুরে ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ক্যাবল ওয়ানের অফিসে হামলার জেরে জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপির যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এ ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু এবং সহ-সম্পাদক তামজিদুর রহমান গালিবকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
রোববার রাত পৌনে বারোটায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপরাধ বা অপকর্মের দায় দল নেবে না।
এর আগে, রোববার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে হামলার ঘটনা ঘটে।
ক্যাবল ওয়ানের ব্যবস্থাপক পরাগ জানান, নগরীর ২৪ নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার ক্যাবল ওয়ানের দায়িত্বে থাকা হারুন অর রশিদকে বাদ দিয়ে তামজিদুর রহমান গালিবকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে ২৩ ফেব্রুয়ারি ওই এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি হারুন ও তার স্ত্রী সংবাদ সম্মেলন করেন।
পরাগ আরও বলেন, ‘এই ঘটনার জেরে রোববার সন্ধ্যায় গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাবল ওয়ান অফিসে হামলা চালিয়ে ল্যাপটপসহ ডিশের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় তারা আমাকে মারধর করে এবং হারুনকে বাদ দিয়ে গালিবকে ওই এলাকার দায়িত্ব না দিলে অফিস ভেঙে ফেলার হুমকি দেয়।’
ক্যাবল ওয়ানের জিএম কাফি বলেন, ‘হামলাকারীরা মোবাইলে ওই এলাকার ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ গালিবকে দেওয়া না হলে পরিবারসহ আমাকে গুলি করে হত্যার হুমকিও দেয়। এ অবস্থায় সব কর্মচারী নিরাপত্তার অভাবে অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। কর্মচারীরা না থাকায় রংপুরে আমাদের ক্যাবল ওয়ানের সংযোগ বন্ধ রাখা হয়েছে। আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে রাতের মধ্যেই মামলা করা হবে বলেও জানান কাফি।
হামলার পর ক্যাবল ওয়ান অফিস পরিদর্শন করেছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।
মহানগর পুলিশ কমিশনার মসজিদ আলী জানান, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। ভুক্তভোগীরা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জানান, বিষয়টি জানার পর অভিযুক্তদের সব পদ বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি। এখন বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।


