রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বদরগঞ্জের বালুয়াভাটা আম্বিয়ার মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আরিফুল ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানান, এদিন দুপুরে রংপুরে আদালতে হাজিরা দিতে যান বদরগঞ্জের কিশোর গ্যাংয়ের মমিনুল ইসলাম গ্রুপ ও ফিরোজ শাহ গ্রুপ। আদালত চত্বরেই ফিরোজ গ্রুপের লোকজন মমিনুলের ওপর হামলা চালায়। পরে সেখানেই বিষয়টি মীমাংসা হয়। তবে এলাকায় ফিরে আসার পর দুই গ্রুপের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, মমিনুল বাহিনী ফিরোজ বাহিনীকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে কলেজপাড়ায় ফিরোজের বাড়িতে হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে ফিরোজ গ্রুপের লোকজন মমিনুলের সমর্থকদের খুঁজতে শুরু করে। এক পর্যায়ে আম্বিয়ার মোড়ে ভ্যানচালক আরিফুলকে একা পেয়ে তারা বেধড়ক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জামাল হোসেন (২২) নামে ফিরোজ গ্রুপের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পিতা রেজাউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে ভ্যান চালিয়ে আম্বিয়ার মোড়ে বিশ্রাম নিচ্ছিল। ওই সময় মার্ডার ফিরোজের লোকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই এবং দোষীদের ফাঁসি চাই।’
ওসি হাসান জাহিদ সরকার জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


