বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার জোহরের নামাজের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এজন্য ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সকালে নেওয়া হবে তার মরদেহ।
মরদেহ কোন পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাবে তা এত বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি বের হয়ে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে নৌবাহিনীর সদর দপ্তরের সামনে নিয়ে যাবে গুলশানের বাসভবন ফিরোজায়।
সেখান থেকে গুলশান-২ হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ থেকে বিমানবন্দর সড়ক দিয়ে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট দিয়ে বিজয় সরণি থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে যাবে জাতীয় সংসদ ভবনে। সেখানে ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে মরদেহবাহী গাড়ি পৌঁছবে দক্ষিণ প্লাজায়।
ডিএমপি জানিয়েছে, মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ কাজে সাধারণ মানুষের সহায়তাও চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক।
পরে সংসদের উত্তর পাশে চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।


