ইসরায়েলের মন্ত্রিসভায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরপরই গাজায় বোমাবর্ষণ ও হেলিকপ্টার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজা ও দক্ষিণ সীমান্তের খান ইউনিসে এ হামলা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে গাজা থেকে সরে না যাওয়া পর্যন্ত গাজাবাসীকে যেকোনো হামলার জন্য সতর্ক থাকতে বলেছে গাজার সিভিল ডিফেন্স। সেইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় অবাধে ঘোরাফেরা থেকেও ফিলিস্তিনিদের সতর্ক করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
গাজা সিটিতে গোলাবর্ষণের কিছুক্ষণ আগেই গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কেন্দ্রস্থলের কাতিবা এলাকায়ও একাধিকবার কামান থেকে গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী।
তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, স্থানীয়সময় বৃহস্পতিবার রাতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম ধাপের শান্তি চুক্তি হয়। এরপর শুক্রবার সকালে মন্ত্রিসভায় ওই চুক্তির অনুমোদন দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
তবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই চুক্তি কবে নাগাদ বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


