সমালোচনা ও বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে একীভূত করা পাঁচ ব্যাংকের আমানতকারীদের মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠি দিয়ে তা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২০২৫ সালের জন্য মুনাফা পাচ্ছেন। আগের সিদ্ধান্ত পুনঃপর্যালোচনা করে বদলানো হয়েছে।’
চিঠিতে দুই বছরের সময়কালের জন্য ৪ শতাংশ হারে আমানতকারীদের মুনাফা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক জানায়, লোকসান হওয়ায় একীভূত করা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো প্রকার মুনাফা পাবেন না। বিষয়টিকে ‘হেয়ারকাট’ অভিহিত করে ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, আন্তর্জাতিক নিয়ম ও শরিয়াহ নীতি অনুযায়ী লোকসান হওয়ায় মুনাফা দেওয়া হবে না আমানতকারীদের।
এ নিয়ে শাখা পর্যায়ে আমানতকারীরা বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে শুরু করেন। বিক্ষোভের মুখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গাজীপুরের টঙ্গী ও কুমিল্লার ধোরকারা বাজার শাখা বন্ধ করে প্রধান কার্যালয়ে চিঠি দেন শাখা ব্যবস্থাপকরা। এমন প্রেক্ষাপটে এক সপ্তাহ পর আগের সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, আর্থিক সংকটে জেরবার হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। একীভূত করে নতুন একটি ব্যাংক গঠন করতে সরকারের অনুকূলে গত ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামি ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। পূর্ণাঙ্গ রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।


