ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকার কাছে চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল ওই চারজনকে সীমান্তের শূন্য রেখায় আটকে দেয়। পুশইনের শিকার চারজনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই চারজন সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কমান্ডারকে বিজিবির পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। সেই সঙ্গে সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।


