২০২৬ ফুটবল বিশ্বকাপের উত্তেজনা মাঠ ছাড়িয়ে মহাকাশে পৌঁছে গেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হতে পারলে তাদের ব্যবহৃত একটি অফিসিয়াল ফুটবল চাঁদে পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
ফ্রান্সের পত্রিকা ‘এল’একিপ’ ও বার্তা সংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমেরিকান দল, তোমরা এটা করে দেখাও!’
আইজ্যাকম্যানের পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র শিরোপা জিতলে সেই ঐতিহাসিক জয়কে স্মরণীয় রাখতে নাসার আগামী কোনো রোবটিক মিশনে ফুটবলটি চাঁদের মাটিতে পাঠানো হবে। ফুটবলের সঙ্গে ওই মিশনে বৈজ্ঞানিক যন্ত্রপাতিও থাকবে।
নাসার চন্দ্রাভিযান প্রকল্পের ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান জানান, প্রযুক্তিগতভাবে এই লক্ষ্য পূরণ করা কঠিন নয়। তিনি বলেন, ‘ফুটবলটি খুবই হালকা। এটির ভলিউম বা জায়গা নিয়ে আমাদের সমস্যা হবে না। এখন পুরো বিষয়টি নির্ভর করছে ফুটবল দলের পারফরম্যান্সের ওপর।’
এর আগে ২০২৬ বিশ্বকাপের প্রচারের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি অফিশিয়াল ফুটবল পাঠিয়েছিল নাসা। এবার সেই ফুটবলকে সরাসরি চাঁদের মাটিতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে সংস্থাটি।
নাসার এই ঘোষণার পর মার্কিন দলের ওপর প্রত্যাশার চাপ বেড়েছে। নকআউট পর্বে জায়গা নেওয়া যুক্তরাষ্ট্র এখন মাঠের লড়াইয়ে মনোযোগী। আগামীকাল ভোর ৬টায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়ার মুখোমুখি হবে তারা।


