নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন- শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান (৪৫) ও নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে বাবুল বিশ্বাস (৪০)।
তাদের মধ্যে টিটুল মাঠে গরুর পরিচর্যার সময় এবং বাবুল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে বজ্রপাতে এই ঘটনা ঘটে। সে সময় কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান।
একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা শহিদ স্থানীয়দের সাহায্যে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘আলাদা স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি।’


