যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধের জেরে নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে পুলিশের সামনে তিনি নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সময় সোমবার ইলিনয় সীমান্তঘেঁষা মিসিসিপি নদীর তীরবর্তী মাসকাটিন শহরে এই ঘটনা ঘটে।
মাসকাটিন পুলিশ বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে ঘটেছে বলে ধারণা করা হলেও বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
শহরের পুলিশ প্রধান অ্যান্থনি কিস জানান, দুপুর ১২টার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শহরের একটি বাড়ি থেকে প্রথমে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগে সন্দেহভাজন বন্দুকধারী সেখান থেকে পালিয়ে যান।
পরে পুলিশ বন্দুকধারীকে মাসকাটিনের বাসিন্দা রায়ান উইলস ম্যাকফারল্যান্ড (৫২) হিসেবে শনাক্ত করে। মিসিসিপি নদীর একটি পদচারী সেতুর কাছে একটি পথ থেকে তাকে খুঁজে পায় পুলিশ। কর্মকর্তারা যখন ম্যাকফারল্যান্ডকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি নিজের মাথায় গুলি করেন এবং ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে–এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুটি মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একজনের মরদেহ পাশের একটি বাড়ি থেকে এবং অন্যটি একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ প্রধান কিস সাংবাদিকদের জানান, নিহত ছয়জন ম্যাকফারল্যান্ডের পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের একটি সহযোগী চ্যানেল জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুইজন শিশু রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারী ম্যাকফারল্যান্ডের আগের অপরাধের রেকর্ড (ক্রাইম রেকর্ড) ছিল। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। প্রায় ২৪ হাজার বাসিন্দার মাসকাটিন শহরটি আইওয়ার রাজধানী ডি ময়েন থেকে প্রায় ১৫৫ মাইল পূর্বে অবস্থিত।


