রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ২টার দিকে কাজলা ভাঙা প্রেস এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম দিয়া (২০)। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
এই হামলায় তার মা এবং ছোট দুই ভাইবোনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা হলেন নিহতের মা নুসরাত জাহান মৌসুমী (৪০), ভাই মোয়াজ আহমেদ (১৫) ও বোন জয়া (১২)।
স্বজনরা জানিয়েছেন, বর্তমানে তারা আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন। মা মৌসুমীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি এবং তার ছোট মেয়ে জয়া আইসিইউতে রয়েছে।
পরিবারটির গাড়িচালক বিল্লাল হোসেন জানান, কাজলায় মৌসুমীদের নিজেদের বাড়িতে মুসা নামে এক ঠিকাদার ভাড়া থাকে। ওই ঠিকাদার তাদের বাড়ির নির্মাণকাজও করছিল। পাওনা টাকা নিয়ে এদিন রাত ২টার দিকে মুসা তাদের বাসায় ঢুকে দীর্ঘক্ষণ কথা বলে। এক পর্যায়ে তিনি ক্ষমা চেয়ে লুকিয়ে রাখা চাপাতি দিয়ে মৌসুমিকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মাকে বাঁচাতে তিন সন্তান এগিয়ে আসলে মুসা তাদেরও কোপায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মঙ্গলবার ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুসাকে আহত অবস্থায় আটক করা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধের কথা জানা গেলেও এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।


