মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চালায় বসিলা আর্মি ক্যাম্প।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামি বুনিয়া সোহেল তার বাড়িতে ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। তার অবস্থান নিশ্চিত করে সেনাবাহিনীর চারটি অপারেশনাল পেট্রল দল দ্রুত অভিযানে অংশ নেয়।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বুনিয়া সোহেল পঞ্চম তলা থেকে পাশের ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালিয়ে যান। তবে কাছে থাকা সব অবৈধ দ্রব্য তিনি ফেলে রেখে যান।
সেনা সদস্যরা ভবন থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৭৭টি প্রক্রিয়াধীন ককটেল বোমা, সামুরাই ধরনের চারটি ধারালো তলোয়ার, মাদক বিক্রির নগদ চার লাখ ১৩ হাজার ৫০০ টাকা, ৪৯০ পিস ইয়াবা (মূল্য প্রায় এক লাখ ২২ হাজার ৫০০ টাকা), দুই হাজার আশি প্যাকেট হেরোইন (মূল্য প্রায় চার লাখ ১৬ হাজার টাকা), ককটেল বোমা তৈরির জন্য চার ধরনের স্প্লিন্টার ও ৪০০ গ্রাম গানপাউডার উদ্ধার করেন।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, ‘জেনেভা ক্যাম্পের বিল্ডিংগুলো একটি আরেকটির সঙ্গে লেগে থাকায় এবং এলাকাটি খুব সংকীর্ণ হাওয়ায় মূল আসামিরা কয়েকটি ভবন টোপকিয়ে পালিয়ে যান। তবে আমরা যে বিপুল পরিমাণের বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করতে পেরেছি সেগুলো দিয়ে হয়তো ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা ছিল।’
উদ্ধারকৃত মাদক, নগদ অর্থ ও বিস্ফোরকদ্রব্য মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় পলাতক বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।’


