ঢাকার মোহাম্মদপুরে মিনা বাজার সুপার শপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত পদক্ষেপে রাত ৯টা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, ‘রাত ৯টা ৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। পরে ৯টা ১৫ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আমাদের চেষ্টায় ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
রাত পৌনে ১০টার দিকে তিনি জানান, বর্তমানে আগুন নেই, তবে ধোঁয়া এখনো রয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ করছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


