ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবার পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এসব তথ্য জানান।
এদিন আদালতে মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়।
স্ত্রী ও মেয়েকে হত্যার ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার বাদী আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে।
মামলার এজাহারে আজিজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গত ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান তিনি। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। বেলা ১১টার দিকে বাসায় এসে তিনি স্ত্রী-কন্যার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশেপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন, খবর দেওয়া হয় পুলিশে।
ভবনের একাধিক সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানায়, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢুকেন আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা। আর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বেরিয়ে যান তিনি। ওই স্কুলড্রেসটি ছিল খুন হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।
এ ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে এই দম্পতি।


