মোবাইল আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি

মোবাইল আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি
Advertisement
Advertisement

মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে এনবিআর। এতে করে আমদানি শুল্ক কমেছে প্রায় ৬০ শতাংশ।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা দিতে আলাদা আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ কমবে বলে জানায় কর্তৃপক্ষ।

এনবিআর জানায়, নতুন শুল্কহার কার্যকর হলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি হওয়া প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমবে। একইভাবে, দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে।

সরকার মনে করে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক কমানোর ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। পাশাপাশি এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা নেওয়া আরও সহজ হবে।

এর আগে, গত ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয় । একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন উৎপাদকদের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে আমদানি শুল্ক ৫০ শতাংশ কমানোর কথাও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad