মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে গাংনী উপজেলার বামুন্দী বাজারে এ ঘটনা ঘটে।
মৃত্যুর আগে নিহতের বাড়ি পাবনা বলে তিনি জানালেও এখনও তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, বামুন্দী বাজারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তুষার টাওয়ার হাউজ নামক একটি দোকান থেকে টায়ার বের করে সড়কে থাকা পিকআপে তুলছিল। ঘটনা টের পেয়ে দোকান মালিক চিৎকার করায় আশেপাশের লোক জড়ো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও এক যুবক ধরা পড়ে। পরে তাকে রসি দিয়ে বেঁধে বেধড়ক মারা হয়। গণপিটুনি দিয়ে ফেলে রাখা অবস্থায় এক পর্যায়ে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক পাবনা সদর থেকে পিকআপযোগে চুরি করতে বামুন্দি আসার কথা স্বীকার করেছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।


