মেসির হ্যাটট্রিকে শীর্ষে আর্জেন্টিনা, নিচে নেমে গেল পর্তুগাল

মেসির হ্যাটট্রিকে শীর্ষে আর্জেন্টিনা, নিচে নেমে গেল পর্তুগাল
কানসাস সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের জে গ্রুপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করার পর উদযাপন করছেন লিওনেল মেসি। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

মাঠের লড়াইয়ের উত্তাপ এবার সরাসরি গিয়ে লাগল ফিফা র‍্যাংকিংয়ে। চলমান ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হতেই বিশ্ব ফুটবলের মর্যাদার পারদে বড় ধরনের ওলটপালট ঘটে গেছে। আন্ডারডগদের চমকপ্রদ পারফরম্যান্স আর ফেবারিটদের অপ্রত্যাশিত পয়েন্ট হারানোর বৃত্তে এক রাউন্ডের ব্যবধানেই বদলে গেছে শীর্ষ দলগুলোর অবস্থান।

প্রথম রাউন্ডের হালনাগাদ চিত্রে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। বিপরীতে বড় পতনের স্বাদ পেয়েছে তিউনিসিয়া, পানামা ও ইকুয়েডরের মতো দলগুলো। আর পরাশক্তিদের মধ্যে স্পেনকে হটিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ফ্রান্স। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পয়েন্ট হারানোয় এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে ব্রাজিল।

মেসির রেকর্ড ও আর্জেন্টিনার শীর্ষস্থান

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এই ম্যাচেই লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করার পাশাপাশি বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৬ গোল করে মিরোস্লাভ ক্লোসার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসিয়েছেন। এই জয়ে আর্জেন্টাইনরা ১১ দশমিক ৮০ পয়েন্ট পেলেও তাদের একদম ঘাড়ে নিশ্বাস ফেলছে দুই নম্বরে ওঠা ফ্রান্স। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন মাত্র ২। সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে ১৬ দশমিক ৪১ পয়েন্ট পাওয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স রেটিংয়ে স্পেনকে টপকে গেছে।

পর্তুগালের ধাক্কায় লাভবান ব্রাজিল

কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রায় ১৩ পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। যার ফলে দুই ধাপ পিছিয়ে তারা নেমে গেছে ৭ নম্বরে। অন্যদিকে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শূন্য দশমিক ৫২ পয়েন্ট হারালেও পর্তুগালের এই বড় অবনমনের সুবাদে এক ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছে ল্যাটিন পরাশক্তি ব্রাজিল।

আরও পড়ুন

স্পেনের পতন, কেপ ভার্দের উত্থান

কাগজে-কলমে যোজন যোজন পিছিয়ে থেকেও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রেখেছে আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। এই ঐতিহাসিক ড্রয়ের সৌজন্যে তারা ঝুলিতে পুরেছে ১৮ দশমিক ৬৮ পয়েন্ট, যার ওপর ভর করে র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৬৭ থেকে ৬৪ নম্বরে উঠে এসেছে তারা। বিপরীতে সমপরিমাণ পয়েন্ট হারিয়ে বড় মাশুল দিতে হয়েছে স্পেনকে, খোয়াতে হয়েছে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানটি।

ঘানা ও আইভরি কোস্টের বড় লাফ, তিউনিসিয়ায় বিপর্যয়

প্রথম রাউন্ডে পয়েন্ট অর্জনের বিচারে সবচেয়ে বড় লাফ দিয়েছে ঘানা। পানামাকে ১-০ গোলে হারিয়ে তারা এক ম্যাচ থেকেই আদায় করেছে ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট এবং উঠে এসেছে ৬৫ নম্বরে। অন্যদিকে এই হারের ধাক্কায় সমপরিমাণ পয়েন্ট হারিয়ে ৬ ধাপ নিচে নেমে ৪০ নম্বরে ঠেকেছে পানামা। আরেক আফ্রিকান দেশ আইভরি কোস্ট ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ২৭ দশমিক ৭৫ পয়েন্ট অর্জন করেছে, বিপরীতে ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডর ৫ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছে।

তবে প্রথম রাউন্ডে সবচেয়ে বড় বিপর্যয় গেছে তিউনিসিয়ার ওপর দিয়ে। সুইডেনের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দলটির প্রধান কোচ সাব্রি লামুশেকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। মাঠের এই ভরাডুবির পর অবিশ্বাস্যভাবে ১০ ধাপ পিছিয়ে তিউনিসিয়া নেমে গেছে ৫৬ নম্বরে। তিউনিসিয়াকে উড়িয়ে দেওয়া সুইডেন ২৩ দশমিক ৪০ পয়েন্ট পেয়ে ৪ ধাপ এগিয়ে এখন ৩৪ নম্বরে।

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে ২৬ দশমিক ২৬ পয়েন্ট পেয়ে ৪ ধাপ এগিয়েছে অস্ট্রেলিয়া (২৩তম)। অন্যদিকে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া নরওয়ে, এরলিং হালান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৭ নম্বরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad