সাবেক প্রতিমন্ত্রী হারুন আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন আর নেই
হারুন অর রশিদ
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হারুন অর রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম জানান, হারুন অর রশিদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাকে বেশ কিছু দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীন রাজনীতিবিদ হারন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মৌলভীপাড়ার বাসিন্দা। তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

আরও পড়ুন

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে হারুন অর রশিদ ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

তিনি জাতীয় সংসদের হুইপ ও পরবর্তীতে চিফ হুইপ নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি জায়গা করে নেন। ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি ১৯৯৬ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

হারুন-অর রশিদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানোর কথা বলেন তার পরিবারের সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad