হ্যাটট্রিক করে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করেছেন লিওনেল মেসি। তবে সেই স্বপ্নের শুরুটা আলজেরিয়ার জন্য বিষাদে রূপ নিয়েছে এক বিতর্কিত সিদ্ধান্তে। ম্যাচের ৩১তম মিনিটে বল দখলের লড়াইয়ের সময় আর্জেন্টিনার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে বুট দিয়ে আঘাত করেন। এমন ফাউলে মেসি সরাসরি লাল কার্ড পেতে পারতেন বলে দাবি অনেকের। অথচ রেফারি তাকে একটি হলুদ কার্ডও দেখাননি, এমনকি ভিএআরের সাহায্যও নেওয়া হয়নি।
রেফারির এমন আচরণে ক্ষুব্ধ আলজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবার সরাসরি ফিফার দ্বারস্থ হয়েছে। মেসি লাল কার্ড না পাওয়ায় এবং মাঠের রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ফিফার রেফারি কমিটির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠিয়েছে আলজেরিয়ান ফেডারেশন।
আলজেরিয়ার সংবাদমাধ্যমেও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা চলছে। দেশটির প্রভাবশালী পত্রিকা ‘লা পাত্রি নিউজ’ তাদের সম্পাদকীয়তে প্রশ্ন তুলেছে, মেসির কি লাল কার্ড পাওয়া উচিত ছিল না? তারা এই ঘটনাটিকে আর্জেন্টাইন মহাতারকার ‘সহিংস আচরণ’ হিসেবে বর্ণনা করেছে।
পাশাপাশি ‘টিএসএ’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচে আলজেরিয়া ও আর্জেন্টিনার লড়াইয়ে একটি জঘন্য রেফারিং কেলেঙ্কারি ঘটেছে।
এমনকি আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহারেজও ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, এই ফাউল অন্য কেউ করলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হতো।
আলজেরিয়ার এই আনুষ্ঠানিক অভিযোগের পর ফুটবল বিশ্ব এখন ফিফার জবাবের অপেক্ষায় রয়েছে। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


