জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছে আদালত।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ দিন ধার্য করেন। এর আগে ২ মার্চ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি করেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে সাবেক মন্ত্রী মেনন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল নানা উসকানি দেন। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।
শুনানিতে চিফ প্রসিকিউটর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন করেন। তবে আসামিদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে সেই আবেদন খারিজ করে আদালত।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেনন ও কামরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, গণঅভ্যুত্থানের সময় ২৩ জন নিহত হওয়া মানবতাবিরোধী দুটি ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।


