ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বৃহস্পতিবার ঢাকার কয়েকটি সড়কের যানবাহন বিকল্প পথে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এক গণবিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
ডিএমপি বলেছে, সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কুটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে যাতায়াত করবেন।
অধিবেশন চলাকালে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। সেজন্য সাময়িক অসুবিধা কমাতে কিছু যান ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।
ডিএমপি জানিয়েছে, এদিন ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখি যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।
এছাড়া মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এদিন উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখি যানবাহন চলাচল করবে বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।
১২ মার্চ সকাল বেলা এগারোটায় বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেজন্য এদিন সকাল ৮ টা থেকে এই নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি।


