মেধাবীদের দক্ষতা কাজে লাগাতে হবে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন করতে দেশে থাকা শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসে থাকা মেধাবীদের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগানো জরুরি।’
শনিবার মেরিন ফিশারিজ একাডেমির হল রুমে চট্টগ্রাম সিটি করপোরেশন কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রীতি সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘দেশের বাইরে থাকা তরুণরা আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। তাদের অর্জিত দক্ষতা ফিরিয়ে আনলে দেশ দ্রুত এগিয়ে যাবে।’
‘বিদেশে চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি শেখা, জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান দেশে প্রয়োগ করার মাধ্যমে তারা জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে’, বলেন মেয়র।
লন্ডন ও কানাডা সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে নার্সিং ও হেলথকেয়ার খাতে চাহিদা ব্যাপক। এসব বিষয়ে প্রশিক্ষণ ও কোর্স চসিক-পরিচালিত কলেজ-ভার্সিটিগুলোর পাঠ্যক্রমে যুক্ত করা গেলে দেশে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি হবে এবং বৈদেশিক চাকরির সুযোগও বাড়বে।
শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে নিজের উদ্যোগগুলোর কথা তুলে ধরে মেয়র বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর স্কুল হেলথ কার্ড চালু, শিক্ষক নিয়োগ স্থায়ী করা এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে কিছু দাবি এখনই পূরণ করা সম্ভব হয়নি।’
তিনি জানান, রাজস্ব আদায় বাড়াতে নতুন উদ্যোগ ও বন্দরের সঙ্গে আলোচনা চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা।
সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবেদন পড়া ও শিক্ষকদের পক্ষে দাবিনামা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ কর।
অনুষ্ঠানে সমিতির সাংস্কৃতিক সম্পাদক রাজিব সাহার সঞ্চালনায় বক্তব্য দেন জহিরুল কাইয়ুম চৌধুরী, অধ্যক্ষ মো. আমিনুল হক খান, অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক নেতা আবুল খায়ের, শরাবান তহুরা, ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, মেয়রের উপদেষ্টা শাহরিয়ার খালেদ প্রমুখ।
চসিক পরিচালিত কলেজ থেকে অবসরগ্রহণকারী ২২ জন শিক্ষককে বিদায় সম্মাননা দেওয়া হয়।
সম্প্রতি ২৫২ জন শিক্ষককে স্থায়ীকরণ করায় মেয়রকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানান শিক্ষকরা। পরে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।


