মুন্সীগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন–গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো. শফিউল বাসার হাসিব (৪০) ও তার বাবা মো. রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে তাদের পৌরসভার গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ থানার ওসি এম সাইফুল আলম জানান, রাত দেড়টার দিকে একটি অভিযোগে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত জনতার চাপের মুখে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করে থানায় নেওয়া হয়।
পরে রাতেই অভিযুক্ত রবিউল আউয়াল জসিমের ভাই হোসনেয়ারা হাসনাত বাদী হয়ে একটি মামলা করেন। যেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি বলেন, ‘ ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে এই মামলা হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’
বাদী অভিযোগে বলেছেন, গত বুধবার রাত আড়াইটার দিকে তার ভাই ও ভাতিজাকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়াতে এবং সেই পুড়ে যাওয়া ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন।
শুক্রবার তিনি বিষয়টি স্থানীয়দের জানালে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


