মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন-ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮) ও আ. আউয়াল শেখ (২৬)। অপর এক আসামির পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি লৌহজং উপজেলার বিভিন্ন এলাকায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে থানা ও জেলা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়। তারা বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামে বিদ্যুতের তার চুরির সময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। এ সময় দুটি ছাগল চুরির কথাও তারা স্বীকার করেছে বলে অভিযোগ ওঠে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পরে বুধবার রাতে নিহত সানাউলের মা রোকসানা বেগম বাদী হয়ে লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


