যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগানে টর্নেডো এবং শক্তিশালী ঝড়ের আঘাতে অন্তত চারজন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন শত শত মানুষ।
দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা আগে থেকেই শুক্রবার ওই এলাকায় টর্নেডোর সতর্কতা জারি করেছিল।
ঝড়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোয় দেখা যায়—ঘুর্ণিঝড় থ্রি রিভারস এবং ইউনিয়ন সিটি শহরের ভবনের ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে। বাতাসে ভাসছে ধ্বংসাবশেষ।
স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে বিধ্বস্ত ভবন, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি এবং উপড়ে পড়া বৈদ্যুতিক খুঁটি, গাছ ও রাস্তার সাইন বোর্ডও দেখা গেছে।
রয়টার্সের খবরে ব্রাঞ্চ কাউন্টিতে তিনজন এবং ক্যাস কাউন্টিতে একজন নিহত হওয়ার খবর জানিয়েছে। সব মিলিয়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে এক ডজন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শত শত মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ইউনিয়ন সিটির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘আমাদের একাধিক ইউটিলিটি পোল উপড়ে পড়েছে, ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ এলাকা জুড়ে বিদ্যুৎ লাইন মাটিতে পড়ে আছে। ইউনিয়ন লেকের উত্তর পাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার চালু করা হয়েছে।


