ঢাকার মিরপুর–২ নম্বরের এলএ প্লাজা নামে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার দুপুর ২টার দিকে ভবনটির তৃতীয় তলার অর্কা’স গ্ল্যাম বার অ্যান্ড রিভাইভ স্পা নামে একটি সৌন্দর্য চর্চা প্রতিষ্ঠানে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটি থেকে এখন পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে নয়জন নারী ও ১০ জন পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে ভবনটির তৃতীয় তলার স্পা সেন্টারটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়, পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। ধারণা করা হচ্ছে আগুন লাগার পর অধিকাংশ মানুষ ভবন থেকে বের হয়ে যেতে পেরেছেন। আহতদের মধ্যেও গুরুতর কেউ নেই।’
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


