রাজধানীর রামপুরা এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় তিনি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা একটি পিকআপের বিরুদ্ধে মামলা দেওয়ার উদ্দেশ্যে ভিডিও ধারণ করেন।
এ সময় পিকআপটির চালক কর্তব্যরত সার্জেন্টের পথরোধ করে তার ভিডিও ধারণ করেন। পরে সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপির দাবি, পরে ওই ব্যক্তি তার পরিচালিত ‘রোড স্কোপ ঢাকা’ নামে একটি ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
ঘটনার পর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।
পরে তাকে রামপুরা থানার মাধ্যমে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


