মিয়ানমারে পণ্যপাচারের সিন্ডিকেট প্রধানসহ আটক ১৩

মিয়ানমারে পণ্যপাচারের সিন্ডিকেট প্রধানসহ আটক ১৩
আটক পাচারকারীরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মিয়ানমারে পণ্যপাচারের সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ৯০০ বস্তা সিমেন্ট ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।

পরে যৌথ অভিযানে চক্রটির অন্যতম মূলহোতা মো. আজিম উল্লাহকে (৪০) উখিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, সোমবার ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১৩ জনকে আটক করা হয়।

পরে আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড ও র‍্যাব-১৫ (সিপিসি-২) এর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ার বালুখালী সংলগ্ন এলাকা থেকে মো. আজিম উল্লাহকে আটক করা হয়।

আরও পড়ুন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম উল্লাহ দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারে অবস্থানকারী আনোয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে পণ্যের চাহিদা নিয়ে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়ার বিভিন্ন অসাধু বোট মালিকের সহযোগিতায় এসব পণ্য মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র কাছে পাচার করতেন।’

‘বিনিময়ে তিনি মাদক, বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য বাংলাদেশে নিয়ে আসতেন। তার মোবাইল ফোন পর্যালোচনায় কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।’

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর