ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার সাবেক ও বর্তমান তিন কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নওয়াপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। তারা ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী, সাবেক ফরেন একচেঞ্জ ইনচার্জ সাফারুল ইসলাম এবং বর্তমান ম্যানেজার (অপারেশন) আব্দুল হান্নানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সোমবার সকালে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আয়োজন করা মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এই কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যাংকের নিয়মনীতি উপেক্ষা করে কোটি কোটি টাকার অনৈতিক লেনদেন করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তারা নিজেদের অপরাধ আড়াল করতে এবং দায় অন্যের ওপর চাপাতে নোয়াপাড়ার সৎ ও নির্দোষ ব্যবসায়ীদের নাম জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা জানান, অভিযুক্ত দুই কর্মকর্তাকে ব্যাংকের ওই শাখা থেকে সরিয়ে দেওয়া হলেও নওয়াপাড়ার ব্যবসায়ীরা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হয়রানির শিকার হচ্ছেন। এতে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, করোনা-পরবর্তী বৈশ্বিক মন্দা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত কারণে ডলার রেট বৃদ্ধির ফলে আমদানিনির্ভর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী ঋণ পুনঃতফসিলের জন্য ব্যবসায়ীরা আবেদন করলে সাবেক ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী ও তার সহযোগীরা তাদের কাছে ঘুষ দাবি করেন।
ঘুষ দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়, যা শেষ পর্যন্ত দুদকের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। কোনো প্রাথমিক তদন্ত বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ব্যাংক কর্মকর্তাদের প্ররোচনায় এই মামলাগুলো দায়ের করা হয় বলে তাদের অভিযোগ।
মানববন্ধনে নামিরা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মো: সাজ্জাদ হোসেন, আহমদ ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী সালেহ আহমদ, সোনার বাংলা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী সাহাগ হোসেন, কর্ণফুলি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল কাশেম, ইউটোপিয়া ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজু আহমদ, ফোট ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আল-আমিন, রাজু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাকির হোসেন, নিউ এস আলম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শমসের আলম, এম রেজা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহিন রেজা সহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন ।


