চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় দুটি নৌকা ও বিভিন্ন ধারাল অস্ত্র জব্দ করা হয়।
শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নৌ-পুলিশের সহকারী কমিশনার সাঈদ ইবনে রেজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন নৌযানের মালিক হরি চন্দ্র দাসের নেতৃত্বে নৌকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ওই নৌকা থেকে দুটি রামদা, একটি লোহার তলোয়ার, একটি বল্লম, লোহার রড ও শাবল জব্দ করা হয়। ওই আসামিরা মাছ ধরার নামে নদী ও সাগরে গিয়ে ডাকাতি করতেন ‘
তারা বিভিন্ন সময় নৌযান আটকে ভয়ভীতি দেখিয়ে মাছ, জাল, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী লুট করেছেন জানিয়ে এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে নগরের কোতোয়ালী থানার পুরোনো ফিশারি ঘাটের এক নম্বর লোহার ব্রিজসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় পাশাপাশি নোঙর করা দুটি মাছ ধরার নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন একদল ব্যক্তি। এ সময় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে, পরে সদরঘাটের একটি হোটেল থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ১০-১২ জন পালিয়ে যান। পরে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আরিফুল আলম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হরি চন্দ্র দাস (৪০), মোহাম্মদ আসিফ উদ্দিন (২২), মোহাম্মদ ফাহাদ আহাম্মদ (২০), তাপস ধর (২৫), পরিমল সাহা (৪৮), মোহাম্মদ নবী (২৮), মোহাম্মদ রাজীব (২৫) ও মোহাম্মদ হৃদয় (২০)।


