মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ১৯ কোটি টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল ও অভিযান কার্যক্রম আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার কক্সবাজার ও কুতুবদিয়া উপকূলের অদূরে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ দৌলত’ টহল পরিচালনা করে।
টহলকালে কিছু জেলে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করতে দেখা যায়। এ সময় নৌবাহিনী প্রায় ১১টি মাছ ধরার ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশি করে অবৈধ ৫০টি বেহুন্দি জাল ও ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ টাকা বলে জানায় আইএসপিআর।
আইএসপিআর আরও জানায়, অভিযান চলাকালে অবৈধ মাছ ধরার সঙ্গে জড়িত ২৩৫ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার ও জাল কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় এবং আটক জেলেদের কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের জন্য নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে।


