ঢাকার মালিবাগ ইবনে সিনা হাসপাতালের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৩ কারখানা শ্রমিক আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলো, করিমন (১৭), নবী (১৬) ও রিফাত (১৮)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মাহফুজুর রহমান জানায়, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডে একটি পোশাক কারখানায় কাজ করে ও বসবাস করে। আর নবী থাকে ও কাজ করে সাইনবোর্ডে। মে দিবসের ছুটির দিনে ৩ জন দেখা করতে মালিবাগে একত্রিত হয়েছিল। সেখানে ইবনে সিনা হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত সুইচ গিয়ার দিয়ে করিমনকে আঘাত করে ফোন ছিনিয়ে নেয়।
তখন আশপাশের লোকজন ঘাতকদের মধ্যে একজনকে আটকে ফেলে এবং মারধর করে। এর কিছু সময় পর পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা আরও কয়েকজনকে নিয়ে এসে এলোপাতারি বাকি দুজনকে ছুরি মেরে আটকে রাখা ঘাতককে ছাড়িয়ে নিয়ে যায়।
পরবর্তীতে আহত ৩ জনকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাদের ৩ জনেরই পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


