উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উৎযাপন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার সকাল ১০টায় হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এরপর হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর প্রবাসী শিক্ষার্থী এবং হাইকমিশনের কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।
হাইকমিশনার তার বক্তৃতায় একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বিজয় দিবসকে ‘আমাদের সংগ্রাম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার মর্যাদার প্রতীক’ হিসাবে উল্লেখ করেন।
হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এবং জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন। তিনি একাত্তর ও চব্বিশে নিহত ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
হাইকমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেওয়ার জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং দ্রুত নিবন্ধনে সহায়তার জন্য প্রবাসীদের সকল পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


