শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ নানা দাবিতে ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে ‘জুলাই ঐক্যের’ ডাকে একটি মিছিল ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে। মিছিলটি উত্তর বাড্ডায় পৌঁছলে পুলিশ তাদের আটকে দেয়।
এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন জুলাই ঐক্যের সদস্যরা। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার।
তাদের এই কর্মসূচির কারণ হিসেবে শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে দেওয়া, ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদের কথা বলা হয়েছে।
বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অংশ নিতে দেখা গেছে।
এর আগে, চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে বুধবার দুপুর ২টা থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।


