মানিকগঞ্জ সদর উপজেলায় কালিগঙ্গা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার গিলন্ড মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো সদর উপজেলার আলী আজগর মন্ডলের আড়াই বছর বয়সী শিশু জুনায়েদ মন্ডল ও আলী আকবর মন্ডলের দুই বছর তিন মাস বয়সী শিশু জামিল মন্ডল। শিশু দুইটি সম্পর্কে চাচাতো ভাই।
মৃত শিশু জামিলের নানী জানান, সকাল সাড়ে ৭টার দিকে দাদীর সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও জামিল। কিছুক্ষণ পর দাদীর অগোচরে কালিগঙ্গা নদীপাড়ে চলে যায় তারা। এ সময় তাদের দাদী বাড়িতে ফিরে শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে নদীপাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ পাওয়া যায়। এর কিছু দূরেই জুনায়েদের মরদেহ দেখতে পান স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার জানান, ঘটনাটি তদন্ত করে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


