গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। আহতরা হলেন কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২) । এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন মোটরসাইকেল চালকেরা। দুপুর পৌনে ১২ টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’


