মানিকগঞ্জে জবির বাসে হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে জবির বাসে হামলার ঘটনায় মামলা
শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাসচালক মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় ওই মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, এজাহারে অভিযুক্ত মো. কাওছার (২৫) সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বাসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৫টার দিকে ১৪-১৫ জন শিক্ষার্থী নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ‘কালীগঙ্গা’ বাসটি মানিকগঞ্জে যাচ্ছিল। বাসটি হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাওছারসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা লোহার পাইপ ও বাঁশের লাঠি নিয়ে বাসটির গতিরোধ করেন।

আরও পড়ুন

পরে তারা বাসটিতে অতর্কিত হামলা চালিয়ে ডান ও বাম পাশের বিভিন্ন কাচ ভাঙচুর করেন। এতে প্রায় তিন লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, হামলায় বাসে থাকা শিক্ষার্থী পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) ভাঙা কাচের আঘাতে আহত হন। হামলাকারীদের বাধা দিতে গেলে বাসচালক সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী উদয় চক্রবর্তীও মারধরের শিকার হন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে ওই দুর্ঘটনার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটি জড়িত ছিল না। স্থানীয়রা ভুল ধারণা থেকে বাসটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad