ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানুষের হাড়সহ মানব কঙ্কাল চোরচক্রের গ্রেপ্তার চার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।
আসামিরা হলেন, কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ ও ফয়সাল আহম্মেদ।
প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহাদাত হোসেন নাফিস তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার একটি টিম জানতে পারে মনিপুরীপাড়ার ১ নম্বর গেটের কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাত পৌনে ২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কাজী জহরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করে।


