গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা তিন মামলার শুনানি হবে রোববার।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির দিন ধার্য করে।
তাদের মধ্যে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ঢাকা রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় দুই সেনা কর্মকর্তাসহ চারজন এবং টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের অপর মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়েও কাল শুনানি হবে। সম্প্রতি আদালত এ দিন ধার্য করেছে।
জেআইসিতে গুমের ঘটনায় প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। আর রামপুরায় হত্যাকাণ্ড ও টিএফআই সেলে গুমের ঘটনায় অভিযোগের বিরুদ্ধে কাল আসামিপক্ষ শুনানি করবে।
শুনানি উপলক্ষে এ তিন মামলার গ্রেপ্তার হওয়া আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও জানা গেছে।
টিএফআই সেলে গুমের ঘটনায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়েছেন, তারা সকলেই সেনা কর্মকর্তা।
ওই তালিকায় রয়েছেন কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, কর্নেল মো. কামরুল হাসান, কর্নেল মো. মাহাবুব আলম, কর্নেল মোহাম্মাদ আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।
পলাতক সাত আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর-রশিদ এবং লেফটেনেন্ট কর্নেল মো. খায়রুল ইসলাম।
জেআইসিতে গুমের ঘটনায় আসামি ১৩ জন। তারা হলেন শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।
তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ৩০ জনের মধ্যে হাসিনা ও তারিক সিদ্দিকী দুটি মামলার আসামি।
এ ছাড়া রামপুরায় হত্যাকাণ্ডের মামলার চার আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম ঘটনার সময় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ছিলেন।
বাকি দুই আসামি পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।


