মাদারীপুরের রাজৈর উপজেলায় আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত মাজহারুল শেখ (৩৫) পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা। তিনি নজরুল শেখের ছেলে। পুলিশ জানায়, রাজৈর থানায় একটি হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তিনি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর থানার একটি মামলায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে তোলা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হওয়া অন্য মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


