মাদারীপুরের কালকিনিতে আলাদা ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বালিগ্রাম ও কয়ারিয়া ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলো–বালিগ্রাম ইউনিয়নের হাফিজুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে জিসান ইসলাম হামিম এবং কয়ারিয়া ইউনিয়নের জাকির ফকিরের আড়াই বছরের ছেলে হৃদয় ফকির।
স্বজনরা জানিয়েছেন, এদিন দুপুরে শিশু দুইটি খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির পর তাদের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


