মাদারীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনে আগুন লেগে পুড়ে গেছে বেশকিছু খাদ্যপণ্য। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ওই এলাকার টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখা যায়। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, ‘দুইদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। যা জনসাধারনের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এমন অগ্নিকাণ্ড হবে তা বুঝতে পারলে এক সঙ্গে ১০ লাখ টাকার পণ্য এখানে মজুদ করতাম না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশে থাকা পাটের গোডাউন অল্পের জন্য রক্ষা পেয়েছে। তা না হলে দুর্ঘটনা আরও বড় হলে ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়ত।’
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


