মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতির মাছের প্রজনন সময়ে এই অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন, ‘এখন বর্ষা মৌসুম মাছের প্রজননের সঠিক সময় । নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান না থাকায় অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এ জালে ছোট-বড় সব ধরনের মাছ, মাছের পোনা ও ডিম আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
স্থানীয় সচেতন মহল বছরজুড়ে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, অবৈধ জাল জব্দ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।
ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, ‘প্রয়োজনীয় জনবল ও অর্থের সংকট থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।’


