মাগুরা-২: মনোনয়ন ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরা-২: মনোনয়ন ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নড়াইলের আধুনিক সদর হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের সীমান্তসংলগ্ন মাগুরা-২ আসনের মনোনয়ন ঘিরে বিএনপির দুই নেতা নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মাগুরার মোবারকপুর ও নড়াইলের চাকুলিয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ইস্যু নিয়ে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোবারকপুর ও মশাখালী এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাকুলিয়া গ্রামের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।

মশাখালীর তৌহিদুর মেম্বার ও মোবারকপুরের কাইজার মোল্যা একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। বিপরীত পক্ষের নেতৃত্বে আছেন মোবারকপুরের নজরুল মোল্যা ও মশাখালীর আলমগীর ফকির। সম্প্রতি এই দুই পক্ষ বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের সমর্থক হিসেবে বিভক্ত হয়ে পড়ে।

সোমবার রাতে বিএনপি ২৩৭টি আসনে মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করে। এতে মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী মনোনয়ন পাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতেই প্রথম দফায় সংঘর্ষে তিনজন আহত হন।

আরও পড়ুন

এর জেরে মঙ্গলবার সকালে ধারালো অস্ত্রসহ উভয় পক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে ফের সংঘর্ষে জড়ালে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ সময় নড়াইল-মাগুরা সীমান্ত এলাকায় সংঘর্ষের খবর পেয়েছে জানিয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘নড়াইলের অভ্যন্তরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য পুলিশ তৎপর রয়েছে।’

নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর